রিয়ালের নতুন পরিকল্পনায় বদলে যাচ্ছে সমীকরণ, ঝুঁকিতে এন্দ্রিক

অনলাইন ডেস্ক

মধুর সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়েই হোসে মরিনিয়ো একের পর এক তারকা ফুটবলার দলে ভেড়াচ্ছেন। বার্নার্দো সিলভা, মার্ক কুকুরেয়া, ডেঞ্জেল ডামফ্রিস ও ইব্রাহিমা কোনাতে যোগ দেওয়ার পর ইয়ান দিওমান্দের আগমনও প্রায় নিশ্চিত। তবে এই শক্তিশালী স্কোয়াড গড়তে গিয়ে এখন খেলোয়াড় বিক্রির কঠিন সমীকরণের মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা।

নতুন মৌসুমের পরিকল্পনা অনুযায়ী দল সাজাতে হলে কয়েকজন পরিচিত মুখকে বিদায় জানাতে হতে পারে। স্প্যানিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ডিফেন্ডার রাউল অ্যাসেনসিওর বিদায়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ছুটির সময়ও নিজেকে প্রমাণে কঠোর পরিশ্রম করলেও শেষ সিদ্ধান্ত থাকবে মরিনিয়োর হাতেই।

মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকেও ঘিরে চলছে জোর আলোচনা। ইংল্যান্ডের কয়েকটি ক্লাব ফরাসি তারকাকে দলে নিতে আগ্রহী। তাকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে বিক্রি করা গেলে স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজ রদ্রিকে দলে ভেড়ানোর পথ সহজ হবে বলে মনে করছে রিয়াল।

যদিও কামাভিঙ্গার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি রয়েছে এবং তাকে সহজে ছাড়তে চায় না ক্লাব। তবে গত মৌসুমে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারা এবং ফ্রান্সের বিশ্বকাপ দলেও জায়গা না পাওয়ায় তিনি আর আগের মতো অপরিহার্য নন।

এদিকে প্রাক-মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করে কোচের মন জয় করেছেন তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। আগে তার ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও এখন তাকে রেখেই পরিকল্পনা সাজাতে চান মরিনিয়ো। কোচের বিশ্বাস, গার্সিয়ার মতো বৈশিষ্ট্যের স্ট্রাইকার দলে আর নেই। প্রয়োজনের সময় তিনি প্রতিপক্ষের সেন্টার-ব্যাকদের ব্যস্ত রাখতে এবং ভিন্ন কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

গার্সিয়াকে দলে রাখার সিদ্ধান্তের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিকের ওপর। নিয়মিত খেলার সুযোগ না পেলে তার উন্নতি ব্যাহত হতে পারে। তাই পরিস্থিতির পরিবর্তন না হলে তাকে ধারে অন্য ক্লাবে পাঠানোর সম্ভাবনাও জোরালো হয়ে উঠেছে।

একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোকে নিয়েও। প্রথম অনুশীলন থেকেই মরিনিয়োর নজর কাড়লেও নিয়মিত খেলার সুযোগ নিশ্চিত করতে তাকে ধারে পাঠানোর বিকল্পও বিবেচনা করছে রিয়াল। সব মিলিয়ে নতুন মৌসুমের আগে শক্তিশালী দল গঠনের পাশাপাশি ভারসাম্য বজায় রাখার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন হোসে মরিনিয়ো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights