রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহী নন ভিনি
অনলাইন ডেস্ক
বেশ কয়েক দিন ধরে ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি নিয়ে চলছেই। একপর্যায়ে ক্লাবটির পক্ষ থেকে এই খেলোয়াড়কে চূড়ান্ত প্রস্তাব দিয়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ভিনি স্প্যানিশ এই ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে খুব একটা আগ্রহী নয় বলে খবর বের হয়েছে।
অন্যদিকে আর্সেনাল তাকে উত্তর লন্ডনে নিয়ে আসার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ এক বছরেরও কম সময় বাকি থাকায়, তাকে বিনামূল্যে হারাতে না চাইলে রিয়ালকে হয়তো এখনই তাকে বিক্রি করার কথা ভাবতে হতে পারে।
ব্রাজিল থেকে সাংবাদিক হোর্হে নিকোলা জানিয়েছেন, চুক্তি বিষয়ক আলোচনা থমকে গেছে এবং রিয়াল দাবি করছে তারা তাদের চূড়ান্ত প্রস্তাবটিই দিয়েছে। নিকোলা আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়াস চুক্তি নবায়নে খুব একটা আগ্রহী বলে মনে হচ্ছে না এবং আর্সেনাল পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
ইএসপিএন দেপোর্তেস-এর হয়ে রোদরা জানিয়েছেন, সিদ্ধান্তটি পুরোপুরি ভিনিসিয়াসের হাতে এবং শেষ পর্যন্ত তার ইচ্ছাই প্রাধান্য পাবে। ওই সাংবাদিকের দাবি, আর্সেনালের এই প্রচেষ্টার পেছনে কেবল মিকেল আর্তেতা বা আন্দ্রেয়া বের্তাই নন, বরং ক্লাবের মালিকপক্ষের ভূমিকাও রয়েছে। কেএসই এমন একটি বড় চুক্তি সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং তারা এই খেলোয়াড়কে দলে ভেড়াতে সর্বাত্মক চেষ্টা চালাতে প্রস্তুত।
রোদরার মতে, আর্সেনাল ভিনিসিয়াসের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে। তারা জানিয়েছে, ভিনিকে দলে নেওয়ার পদক্ষেপ নিতে প্রস্তুত। শনিবার ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে ডেভিড অর্নস্টাইন, মারিও কোর্তেগানা এবং জেমস ম্যাকনিকোলাস জানিয়েছেন, ব্রাজিলের এই তারকা ফুটবলারের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত; তবে চুক্তি নবায়ন না করলে আর্সেনালে যোগ দেওয়ার বিষয়টি তার কাছে আকর্ষণীয় মনে হচ্ছে। ব্যক্তিগত শর্তাবলী নিয়ে সমঝোতা করাটা গানার্সদের (আর্সেনাল) জন্য কোনো সমস্যা হবে না বলেই ধারণা করা হচ্ছে।
‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের ভেতরেই এমন কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন যারা মনে করেন, ভিনিসিয়াস যদি চুক্তির মেয়াদ বাড়াতে রাজি না হন তবে এই গ্রীষ্মেই তাকে বিক্রি করে দেওয়া উচিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর জন্য ভিনিসিয়াস তার দাবি কিছুটা কমাতে রাজি আছেন। প্রশ্ন হলো, দুই পক্ষের মধ্যকার উল্লেখযোগ্য ব্যবধান ঘোচানোর জন্য সেই ছাড় যথেষ্ট হবে কি না। বিশেষ করে যদি রিয়াল তাদের প্রস্তাব না বাড়ানোর অবস্থানে অনড় থাকে।
খবর অনুযায়ী আর্সেনাল বেশ কয়েক মাস ধরেই পর্দার আড়ালে কাজ করে যাচ্ছে এবং বের্তা খেলোয়াড়ের প্রতিনিধিদের জানিয়েছেন, আর্সেনালের প্রজেক্টে ভিনিসিয়াসই হবেন মূল তারকা। এখন তারা ভিনিসিয়াসের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
