রূপগঞ্জে ভূমি দখলের অভিযোগ, আনন্দ পুলিশ হাউজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে জমি দখল ও বালু ভরাটের অভিযোগে আনন্দ পুলিশ হাউজিং সোসাইটির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় এলাকাবাসী। দীর্ঘদিন অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা।

শনিবার সকালে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াব এলাকায় ওই আবাসন প্রকল্পের ভেতরে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি ২০০৭ সালে রূপগঞ্জের গুতিয়াব, মধুখালী, মুশুরী, জাহাঙ্গীরসহ আশপাশের কৃষি এলাকায় আবাসন প্রকল্পের কার্যক্রম শুরু করে। পরবর্তী সময়ে দামে-বেদামে সাধারণ মানুষের জমি কিনে এবং স্থানীয় সরকারের অসাধু কিছু নেতার সহায়তায় প্রকল্পটি পূর্ণরূপ পায়।

বিক্ষোভে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে একাধিকবার অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। থানা, উপজেলা, জেলা, পুলিশ সুপারের কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়া হলেও প্রশাসন নীরব ছিল বলে অভিযোগ তাদের। সাধারণ কৃষকরা নিরুপায় হয়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছেন। পুলিশি হয়রানির ভয়ে দীর্ঘদিন ভুক্তভোগীরা মুখ খুলতে পারেননি।

গুতিয়াব নামাপাড়া এলাকার বাসিন্দা সোলায়মান মিয়া অভিযোগ করেন, তার পৈতৃক সম্পত্তি ও মাছের খামার ক্রয় না করেই বালু ভরাট করে দখল করে নিয়েছে পুলিশ হাউজিং কর্তৃপক্ষ। বর্তমানে তিনি পরিবার নিয়ে সবজি বিক্রি করে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছেন।

একই এলাকার আব্দুল করিম বলেন, তাদের চার বিঘা জমি জোরপূর্বক বালু ভরাট করা হয়েছে। জমি অধিগ্রহণ বা ক্রয় ছাড়াই এভাবে বালু ভরাটের একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights