রেকর্ড জুটির পরও ‘আক্ষেপ’ নিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দিনের প্রথম বলে উইকেট। কাগিসো রাবাদার দুর্দান্ত শুরুতেই ২২ রানেই ৩ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দিন শেষ করার স্বপ্ন দেখাচ্ছিলেন তাওহীদ হৃদয় ও লিটন দাস। ষষ্ঠ উইকেটে তারা ২০৬ রানের জুটি গড়েন, যা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরি, লিটনের ব্যাটেও শতকের হাতছানি। কিন্তু দিনের শেষ বলে হৃদয়ের বিদায় যেন কিছুটা আক্ষেপ নিয়েই প্রথম দিন শেষ করল বাংলাদেশ। তবে আক্ষেপ থাকলে
জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে ৮৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩২৭ রান। ২২৭ বলে ১৪ চার ও এক ছক্কায় ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন হৃদয়।
দিনের শেষ ওভারে মার্কো ইয়ানসেনের নিচু ফুলটসে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই ব্যাটার। বলের গতিপথে দেখা যায়, সেটি অফ স্টাম্পে আঘাত করত। এর আগে দিনের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। কিন্তু ইনিংসের প্রথম বলেই অভিষিক হওয়া মাহফিজুল ইসলাম রবিনকে হারিয়ে ধাক্কা খায় দল। এরপর মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও ফিরিয়ে দেন রাবাদা। মাত্র ৯ ওভারে ২২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেই বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম ও হৃদয়। চতুর্থ উইকেটে দুজনের ৯৯ রানের জুটি বাংলাদেশকে লড়াইয়ে ফেরায়। ১০৮ বলে ১২ চারে ৬৭ রান করে তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙেন রাবাদা। এরপর মুশফিকুর রহিমকে পরপরের বলে ফিরিয়ে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ১২৩ রানে ৫ উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ে বাংলাদেশ।
সেখান থেকেই শুরু হৃদয়-লিটনের প্রতিরোধ। ষষ্ঠ উইকেটে দুজন মিলে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসেন তারা। হৃদয় তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি করা দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হলেন তিনি।
এর আগে ২০২২ সালে মাহমুদউল হাসান জয় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। হৃদয়ের এই সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়েছে বাংলাদেশ, আর তাদের হাতে এখনো রয়েছে চারটি উইকেট। তবে দিনের শেষ বলটি হৃদয়ের জন্য হয়ে আসে বিষাদ। ১৩৭ রানে তার বিদায়ে ভাঙে ২০৬ রানের জুটি। দিনের প্রথম বলে উইকেট হারিয়ে শুরু করা বাংলাদেশ শেষ বলেও উইকেট হারাল। মাঝের সময়টায় অবশ্য হৃদয়-লিটনের ব্যাটে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্পই লিখেছে সফরকারীরা।
এই দিনে বাংলাদেশের ৩২৭ রান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৫ সালে চট্টগ্রামে করা ৩২৬ রান ছিল সর্বোচ্চ। দক্ষিণ আফ্রিকার হয়ে কাগিসো রাবাদা পাঁচটি এবং মার্কো ইয়ানসেন একটি উইকেট নিয়েছেন।
