রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের চালক পারভেজ এবং হেলপার নাজমুল। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে। আর নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ব্যরিয়ার (প্রতিরোধক দণ্ড) নামানো ছিল না।

জানা গেছে, রবিবার ভোরে মহেশপুর থেকে মালবাহী ট্রাকটি যশোর যাচ্ছিল। রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। ঘটনার সময় ঘন কুয়াশা ছিল এবং রেল ক্রসিংয়ের ব্যরিয়ার নামানো ছিল না। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপারের মৃত্যু হয়। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশের জিম্মায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights