রোগীর চাপে হাসপাতাল

সাইফ ইমন

রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিনই বাড়ছে জলাতঙ্কের টিকা নিতে আসা মানুষের ভিড়। সকাল থেকে হাসপাতালের নির্ধারিত স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন নারী, পুরুষ ও শিশুরা। কারও হাতে কুকুরের কামড়ের ক্ষত, কারও শরীরে বিড়ালের আঁচড়। আবার কেউ এসেছেন পোষা প্রাণীর কামড় বা আঁচড়ের পর আতঙ্ক নিয়ে। সবার উদ্দেশ্য একটাই-সময়মতো জলাতঙ্কের টিকা নেওয়া। বুধবার হাসপাতালটিতে এক দিনেই প্রায় ১২০০ মানুষ জলাতঙ্কের টিকা নিতে এসেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি রোগী টিকা নিতে আসছেন। মাঝে মাঝে এ সংখ্যা ১৪০০ থেকে ১৬০০ ছাড়িয়ে যাচ্ছে। গত বছরও দৈনিক রোগীর সংখ্যা ছিল ৫০০-এর কাছাকাছি। এক বছরের ব্যবধানে রোগীর চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সরেজমিনে রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, কুকুরের কামড়ের পাশাপাশি পোষা ও পথের বিড়ালের আঁচড়েও অনেকে টিকা নিতে আসছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁদের একাধিক ডোজ নিতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়সূচি অনুসরণ করে একজন রোগীকে মোট তিনবার হাসপাতালে আসতে হচ্ছে। এতে দূরের রোগীদের যাতায়াত খরচ ও সময় দুটোই ব্যয় হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে জলাতঙ্কের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে।

সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এফ এ আসমা খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কুকুর-বিড়ালের কামড় ও আঁচড় থেকে বাঁচতে প্রথমেই সচেতন হতে হবে। পোষা প্রাণীকে অভুক্ত রাখা যাবে না। অনেক সময় ক্ষুধার্ত থাকা কিংবা খাবার দিতে দেরি হলে প্রাণী উত্তেজিত হয়ে আক্রমণাত্মক আচরণ করতে পারে। এ ছাড়া কুকুর-বিড়ালকে বিরক্ত করা যাবে না। যাঁদের বাসায় কুকুর বা বিড়াল রয়েছে, তাঁদের নিজেদের পাশাপাশি পোষা প্রাণীকেও নিয়ম অনুযায়ী জলাতঙ্কের টিকা দিতে হবে।

তিনি বলেন, মানুষকে জলাতঙ্কের টিকা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ডোজ ও সময়সূচি অনুসরণ করা জরুরি। টিকা নেওয়ার পরও নতুন করে কামড় বা আঁচড়ের ঘটনা ঘটলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজে থেকে টিকা বন্ধ করা বা নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এ ছাড়া সরকারি উদ্যোগে গ্রাম ও শহরের পথের কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকাদানের আওতায় আনা জরুরি।

নিজের উপজেলা পর্যায়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পথের কুকুরকে ধরে টিকা দেওয়া বেশ কঠিন। প্রশিক্ষিত কর্মীরা জাল দিয়ে কয়েকটি কুকুর ধরতে পারলেও বাকিগুলো পালিয়ে যায়। আবার জোর করে ধরতে গেলে প্রাণীগুলো আহত হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রাণীদের নিরাপত্তা ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে পরিকল্পিতভাবে টিকা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights