রোগী হয়রানির অভিযোগে যুবককে দিয়ে ড্রেন পরিষ্কার করাল ছাত্রদল

অনলাইন ডেস্ক

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রোগী হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে দিয়ে ময়লার ড্রেন পরিষ্কার করিয়েছে রংপুর মেডিকেল কলেজের ছাত্রদলের নেতাকর্মীরা।

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি মামুন ইসলাম।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, আকতার হোসেন নামে এক ব্যক্তিকে দিয়ে হাসপাতাল চত্বরে ময়লার ড্রেন পরিষ্কার করানো হচ্ছে। পরে ড্রেন থেকে তোলা ময়লা ড্রামে করে নির্ধারিত স্থানে ফেলা হয়। এ সময় ভবিষ্যতে রোগীদের হয়রানির সঙ্গে জড়িত না থাকার প্রতিশ্রুতিও নেওয়া হয়।

ছাত্রদল নেতা মামুন ইসলাম বলেন, এক রোগীর স্বজনের কাছ থেকে অভিযোগ পাই, বকশিশ না দেওয়ায় রোগী বহনের ট্রলি দেওয়া হয়নি। এতে রোগীকে সময়মত চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি এবং পরে তার মৃত্যু হয়। অভিযোগ পাওয়ার পর আমরা সেখানে যাই। রোগীর স্বজনের অভিযোগের ভিত্তিতে হাতেনাতে দালাল আকতার হোসেনকে ধরা হয়। পরে তাকে দিয়ে হাসপাতালের ময়লার ড্রেন পরিষ্কার করানো হয়।

তিনি বলেন, রোগী হয়রানি, অতিরিক্ত টাকা আদায় এবং ট্রলি অনিয়মের অভিযোগে আগে থেকেই আমরা ঘোষণা দিয়েছিলাম, এ ধরনের অভিযোগে কাউকে হাতেনাতে ধরা হলে তাকে দিয়ে হাসপাতালের নোংরা ড্রেন পরিষ্কার করানো হবে।

রোগীর স্বজন রিপন মিয়া অভিযোগ করেন, ট্রলি বহনকারীদের সঙ্গে হাসপাতালের একটি শ্রেণির লোকের যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায় ও রোগীদের হয়রানির অভিযোগ রয়েছে।

তিনি বলেন, এদের কিছু বললে পুরো সিন্ডিকেট রোগী ও স্বজনদের হেনস্তা করবে, রোগীর প্রতি বিরূপ আচরণ করবে। চিকিৎসায় পদে পদে বাধা তৈরি করবে। যার কারণে অনেকেই বাধ্য হয়ে এই অন্যায় মেনে নেয়। এই সিন্ডিকেট ভাঙা দরকার।

এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, জরুরি বিভাগে ট্রলি নিয়ে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

তিনি বলেন, আমরা বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে জনবল সংকটের কারণে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়নে জনবল বৃদ্ধি ও সবার সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights