সাতক্ষীরার তালায় সীমানা পিলারসহ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে একটি ঐতিহাসিক সীমানা পিলারসহ প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শনিবার সাতক্ষীরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের ভোলানাথ মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকে একটি ঐতিহাসিক সীমানা পিলার উদ্ধার করা হয়। পিলারটির গায়ে ‘1818’ এবং ‘EAST INDIA COMPANY’ লেখা খোদাই করা রয়েছে। এছাড়া একটি লাল রঙের হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার করা হয় কলাগাছি গ্রামের চতুর মণ্ডলের ছেলে ভোলানাথ মণ্ডল (৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার (৪৪) এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকারকে (৪২)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও প্রতারণার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় তালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ঐতিহাসিক সীমানা পিলারটির উৎস ও এটি কীভাবে তাদের কাছে এলো, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights