রোনালদোর বিদায়, অর্ধেকে নেমেছে বিশ্বকাপের টিকিটের দাম

স্পোর্টস ডেস্ক

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেই টিকিটের বাজারে বড় ধাক্কা লেগেছে। শেষ ষোলো থেকে পর্তুগাল ও স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ায় এক ধাক্কায় অনেক ম্যাচের টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘টিকপিক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ২ হাজার ৯৫০ মার্কিন ডলার থেকে কমে ১ হাজার ২০০ ডলারে নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায় টিকিটের বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল শেষ ষোলো থেকেই ছিটকে যাওয়ায় দর্শকদের আগ্রহে স্পষ্ট ভাটা পড়েছে।

অন্যদিকে, শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরে বিদায় নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্রও। ফলে স্থানীয় সমর্থকদের চাহিদা কমে যাওয়ায় টিকিটের দাম দ্রুত নেমে আসে। সংশ্লিষ্টদের ধারণা, যুক্তরাষ্ট্র ও পর্তুগাল কোয়ার্টার ফাইনালে উঠলে টিকিটের চাহিদা আরও বাড়ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফ্রান্স-মরক্কো ম্যাচের টিকিট। এই ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ৯৮৯ মার্কিন ডলার। শেষ ষোলোয় প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে ফ্রান্স। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে মরক্কো।

কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোতে স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম, ইংল্যান্ড খেলবে নরওয়ের বিপক্ষে এবং সুইজারল্যান্ডের সঙ্গে লড়বে আর্জেন্টিনা। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights