রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত সাইদা শিনিচি উখিয়া উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর শরণার্থী ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় মতবিনিময়কালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় জাপান বাংলাদেশের পাশে থাকবে। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে জাপান রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

মতবিনিময়কালে রাষ্ট্রদূত স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও কর্মকর্তাদের রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সাথে কথা বলেন এবং তাদের জীবন যাপন নিয়ে খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন ডা. মোঃ নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সূত্র জানান, জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ এবং জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কেন্দ্র ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights