রোহিতকে বিদায় করে যে কীর্তি গড়লেন কামিন্স

অনলাইন ডেস্ক

ক্রিকেটের বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টেও সুবিধা করতে পারেননি এই তারকা ওপেনার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের বল উড়িয়ে মারতে গিয়ে মিড অনে সহজ ক্যাচ দিয়ে মাত্র ৩ রানে সাজঘরে ফিরতে হয়েছে রোহিতকে। আর রোহিতকে সাজঘরের পথ দেখিয়ে এক কীর্তি গড়েছেন কামিন্সও।

অফ স্টাম্পের বেশ বাইরের বল লেগ সাইডে টেনে পুল খেলতে গিয়ে মিড অনে স্কট বোল্যান্ডের হাতে ক্যাচ তুলে দেন রোহিত। দলীয় ৮ রানে অধিনায়কের বিদায়ে চাপে পড়ে ভারত। সেই চাপ কাটাতেই এখন লড়ছে দলটি। তবে তার আগে রোহিতকে ফিরিয়ে এক কীর্তি গড়া হয়ে গেছে কামিন্সের।

অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্স এ নিয়ে পঞ্চমবার ভারত অধিনায়ক রোহিতকে আউট করলেন। টেস্ট ক্রিকেটে কোনো অধিনায়ক আরেক অধিনায়ককে এর চেয়ে বেশিবার আউট করতে পারেননি। রোহিত অবশ্য সবমিলিয়ে কামিন্সের বলে আউট হয়েছেন সপ্তমবারের মতো। এর মধ্যে ৫ বারই দুজন অধিনায়ক থাকাবস্থায়।

টেস্ট ক্রিকেট রোহিতের আগে দু’জন অধিনায়ককে অন্য অধিনায়কের বলে ৫ বার আউট হতে দেখা গেছে। অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লড়াইয়ে ইংলিশ অধিনায়ক টেড ডেক্সটারকে ৫ বার আউট করেছিলেন অস্ট্রেলিয়ার রিচি বেনো। আর ভারত–পাকিস্তান লড়াইয়ে পাকিস্তানের ইমরান খানের বলে ৫ বার আউট হয়েছিলেন সুনীল গাভাস্কার। বিংশ শতাব্দীর দুই অধিনায়ক–জুটির সঙ্গে এবার যোগ হয়েছেন রোহিত–কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights