লাইফ সাপোর্টে কারিনা কায়সার, এখন কেমন আছেন তিনি
অনলাইন ডেস্ক
\লিভারজনিত জটিলতায় লাইফ সাপোর্টে থাকা কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের শারীরিক অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি। রবিবার পর্যন্ত তিনি সংকটাপন্ন অবস্থাতেই আছেন এবং চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
কারিনাকে দ্রুত বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে পরিবার। এ বিষয়ে সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।
সেখান থেকে তিনি জানান, মেয়ের ভিসা দ্রুত পাওয়ার জন্য চেষ্টা করছেন। তিনি বলেন, আমার মেয়ের ভিসাটা যাতে দ্রুত হয়, সে জন্য এখানে এসেছি। মাননীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে অনুরোধ জানাব, বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখা হয়। আমাদের হাতে সময় খুব কম, দ্রুত বিদেশে নিতে চাই।
কারিনার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন জটিলতা বেড়েছে। বিভিন্ন মেডিকেল সাপোর্টের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এর মধ্যে তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। এখন তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এর আগে শনিবার কায়সার হামিদ জানান, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।
অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত কারিনা কায়সার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ইন্টার্নশিপ, ৩৬-২৪-৩৬।
