লাওয়াছড়ায় গাড়ির ধাক্কায় বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু: গতিসীমা নিয়ন্ত্রণের দাবি
অনলাইন ডেস্ক
সংগৃহীত ছবি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির যানবাহনের ধাক্কায় একটি বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। ঘটনাটি সামনে আসার পর উদ্যানের ভেতরের সড়কে যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, স্পিড ব্রেকার স্থাপন এবং নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা।
শুক্রবার বিকেলে উপজেলার ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকা থেকে প্রাণীটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, দুপুরে বনের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় মুখপোড়া হনুমানটি মারা যায়। নির্জন এলাকা হওয়ায় দুর্ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।
শ্রীমঙ্গল যাওয়ার পথে স্থানীয় আলোকচিত্রী কাজল হাজরা সড়কের পাশে হনুমানটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানান। খবর পেয়ে লাওয়াছড়া বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জানকিছড়া বন্যপ্রাণী সেবামূলক কেন্দ্রে নিয়ে যান।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শেখ নাজমুল জানান, ময়নাতদন্ত শেষে বন বিভাগের নিয়মানুযায়ী মুখপোড়া হনুমানটিকে মাটিচাপা দেওয়া হবে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ আইইউসিএনের রেড লিস্ট অনুযায়ী, মুখপোড়া হনুমান বাংলাদেশের একটি বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী।
লাওয়াছড়া পিপলস ফোরামের সাধারণ সম্পাদক শামসুল হক বলেন, দ্রুতগতির যানবাহনের কারণে লাওয়াছড়ায় নিয়মিত বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে। এসব প্রাণী রক্ষায় উদ্যানের ভেতরের সড়কে স্পিড ব্রেকার স্থাপন, সতর্কীকরণ সাইনবোর্ড বসানো এবং বন বিভাগের নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি।
