লামায় তামাক ক্ষেত থেকে ৭ জনকে অপহরণের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি :

বান্দরবানের লামা উপজেলার বমুখাল এলাকায় ৩টি তামাক ক্ষেতের ৭ জনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে সরই ইউনিয়নের দুর্গম বমুখাল এলাকা থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে কারা তাদের অপহরণ করেছে- সে বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

ওসি জানান, অপহরণের খবর জানতে পেরে বুধবার দুপুর থেকে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। তবে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় এ বিষয়ে কোন তথ্য পাওয়া যাচ্ছে না।

অপহৃতদের এক স্বজন নাম প্রকাশ না করার শর্তে জানান, তামাক ক্ষেতের মালিক মো. আমিন তার একজন শ্রমিকের মোবাইল ফোন থেকে জানিয়েছেন, ৫ থেকে ৭ লাখ টাকা মুক্তিপণ পেলে অপহরণকারীরা তাদের ছেড়ে দেবে।

পুলিশের তথ্য অনুযায়ী, অপহৃতরা হচ্ছেন তামাক ক্ষেতের মালিক মো. আমিন ও তার শিশুপুত্র মো. সাকিব, তামাক ক্ষেতের শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. জাভেদ (২৬), আসাদ (১৮) এবং মো. আবু হানিফ (২১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights