লেজেন্ড ক্রিকেটের বিশ্বমঞ্চে প্রথমবার বাংলাদেশ
অনলাইন ডেস্ক
বিশ্ব লেজেন্ড ক্রিকেটের জমজমাট আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তৃতীয় আসরে বাংলাদেশ চ্যাম্পিয়নস দল অংশ নেবে। এর ফলে প্রতিযোগিতার পরিধি আরও বিস্তৃত ও শক্তিশালী হবে।
এখন পর্যন্ত এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল অংশ নিয়ে আসছে। নতুন করে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা দাঁড়াল সাতটিতে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে ডব্লিউসিএল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দর্শকসমাগমকারী ক্রিকেট লিগ হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটাররা এক মঞ্চে খেলার সুযোগ পান, যা দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এ আসরে যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মইন আলি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলের মতো তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করে আসছেন। তাদের অংশগ্রহণে প্রতিটি আসরেই দর্শকদের আগ্রহ বেড়েছে।
আয়োজকরা জানিয়েছেন, ২০২৬ সালের আসরে বাংলাদেশের অংশগ্রহণ প্রতিযোগিতার মান আরও উন্নত করবে। আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়া সম্ভব হবে।
পরিসংখ্যান অনুযায়ী, প্রথম আসরে ৩২৫ মিলিয়নের বেশি এবং দ্বিতীয় আসরে ৪২৩ দশমিক ১ মিলিয়ন দর্শক এই প্রতিযোগিতা উপভোগ করেছেন। এতে করে এর বিশ্বব্যাপী জনপ্রিয়তা দ্রুত বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ডব্লিউসিএল-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হারশিত তোমার জানান, গত দুই বছর ধরে সমর্থকদের জোরালো দাবির কারণেই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নসের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান বিষয়টিকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই অংশগ্রহণ দেশের ভেতরে ও বাইরে ক্রিকেটভিত্তিক সংযোগকে আরও শক্তিশালী করবে।
বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অংশীদার ইশতিয়াক সাদেক বলেন, ‘ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়নসের অংশ হতে পারা গর্বের বিষয়। এ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে দেশের ক্রিকেট বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে। কারণ এই প্রতিযোগিতাকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়। আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করব।’
