তুরস্ক-দিয়াগো গার্সিয়ায় ইসরায়েল হামলা করে ইরানের ওপর দায় চাপাচ্ছে?

অনলাইন ডেস্ক

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের আবহে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সাম্প্রতিক এক ওপেন-সোর্স বিশ্লেষণে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে বাহরাইনের মার্কিন সামরিক ঘাঁটি থেকে ছোঁড়া একটি আমেরিকান প্যাট্রিয়ট মিসাইলই সে দেশের বেসামরিক নাগরিকদের ওপর আঘাত হেনেছিল। অথচ সেই সময়ে বাহরাইন ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলার জন্য ইরানকে দায়ী করেছিল। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যুদ্ধের পরিধি বাড়াতে এবং ইউরোপীয় দেশসহ ন্যাটো বাহিনীকে এই লড়াইয়ে টেনে আনতে পরিকল্পিতভাবে কোনো ‘ফলস ফ্ল্যাগ’ (সাজানো) অভিযান চালানো হচ্ছে কি না।

শুধু বাহরাইন নয়, ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া সামরিক ঘাঁটি এবং ন্যাটো সদস্য দেশ তুরস্কেও কথিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দানা বেঁধেছে রহস্য। গত মার্চ মাসে তুরস্ক তাদের আকাশসীমায় ইরানি ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করার দাবি করলেও তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে তুরস্কের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করার জন্য ইসরায়েলের একটি সাজানো চাল হিসেবে অভিহিত করেছে। একই সুর শোনা গেছে দিয়াগো গার্সিয়া ঘাঁটিতে হামলার দাবির ক্ষেত্রেও। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে ইরান ৪০০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যা কার্যত পুরো ইউরোপের জন্য হুমকি। কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে, তারা এমন কোনো হামলা চালায়নি।

বিশ্লেষকদের মতে, এমন এক সময়ে এই হামলার খবরগুলো প্রচার করা হচ্ছে যখন ব্রিটেনসহ ইউরোপের অনেক দেশ এই যুদ্ধে সরাসরি জড়াতে কিংবা তাদের ঘাঁটি ব্যবহার করতে দিতে ইতস্তত করছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন অভিযোগগুলোকে ডাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়ে জানিয়েছেন, তাদের লক্ষ্য কোনো প্রতিবেশী দেশ বা সাধারণ মানুষ নয় বরং ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক উপস্থিতি। ওমান, কুয়েত, সৌদি আরব ও কাতারসহ পুরো উপসাগরীয় অঞ্চলে একের পর এক রহস্যময় ড্রোন ও মিসাইল হামলার ঘটনা ঘটলেও ইরান বারবারই সেগুলোতে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, যুদ্ধের উত্তেজনাকে উসকে দিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights