লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক এবং নার্স নিহত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার গভীর রাতে বুর্জ কালাউইয়াহ নামক এলাকার ওই স্বাস্থ্যকেন্দ্রে এই হামলা চালানো হয়। ডব্লিউএইচও প্রধান এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটে একটি ‘মর্মান্তিক মোড়’ হিসেবে বর্ণনা করেছেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় গেব্রেয়াসুস জানান, গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে অন্তত ১৪ জন স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন। বুর্জ কালাউইয়াহর ঘটনার কয়েক ঘণ্টা আগেই আল সোয়ানা এলাকায় একটি স্বাস্থ্য স্থাপনায় হামলায় আরও দুই প্যারামেডিক নিহত হন।

উল্লেখ্য, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল বর্তমানে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এই অভিযানে এ পর্যন্ত ৭৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন কয়েক লাখ মানুষ। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে শত শত রকেট নিক্ষেপ করছে।

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা স্থাপনাগুলো সুরক্ষিত থাকার কথা থাকলেও চলমান যুদ্ধে সেগুলো বারবার হামলার শিকার হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আবারও সকল পক্ষকে স্বাস্থ্যসেবা কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, সংঘাতের কারণে লেবাননের চিকিৎসাব্যবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights