কোনো দলই আইসিসির চেয়ে বড় নয়: জয় শাহ

স্পোর্টস ডেস্ক

সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগে অংশগ্রহণকারী দল ও আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে বিষয়ে অবশেষে কথা বলেছেন জয় শাহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বলেন, কোনো নির্দিষ্ট দল নয়, আইসিসিই সবার ওপরে।

শনিবার মুম্বাইয়ে আয়োজিত ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে ক্রিকেটে বিশেষ অবদানের জন্য জয় শাহকে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস’ পুরস্কারে সম্মানিত করা হয়। সেখানেই তিনি বিশ্বকাপ আয়োজনের সময়কার চ্যালেঞ্জ ও সাফল্যের কথা তুলে ধরেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ও পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে দল পাঠাতে রাজি হয়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আইসিসি সেই প্রস্তাব গ্রহণ না করে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে।

পরে ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে’ উল্লেখ করে পাকিস্তান সরকারও বিশ্বকাপে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার ঘোষণা দেয়। তবে লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আইসিসির বৈঠকের পর পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে।

এই প্রেক্ষাপটের দিকেই ইঙ্গিত করে ৩৭ বছর বয়সী জয় শাহ বলেন, টুর্নামেন্ট শুরুর আগে অনেকেই আলোচনা করছিলেন কোন দল খেলবে, টুর্নামেন্ট কীভাবে আয়োজন করা হবে। তবে আইসিসি চেয়ারম্যান হিসেবে তিনি মনে করেন, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয় এবং কোনো একক দল দিয়ে সংস্থা গড়ে ওঠে না; বরং সব দলের সমন্বয়েই সংস্থা পরিচালিত হয়।

তিনি আরও জানান, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দর্শকসংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। একযোগে সর্বোচ্চ প্রায় ৭২ লাখ দর্শক ম্যাচ দেখেছেন।

অনুষ্ঠানে তিনি ভারত জাতীয় ক্রিকেট দলকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোনোর পরামর্শও দেন। জয় শাহ বলেন, সংগঠক হিসেবে ১৭ বছরের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, নিচ থেকে শিখরে পৌঁছাতে অনেক সময় লাগে, কিন্তু শীর্ষস্থান থেকে নিচে নামতে সময় লাগে খুব অল্প। তাই কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights