শত বছরের কালভার্ট এখন মরণফাঁদ

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বটতলী মোড়ের শত বছরের পুরোনো কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ এ কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। কালভার্টটির অবস্থা এতটাই নাজুক যে, যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বটতলী মোড়ের কালভার্টটির কার্যকাল অনেক আগেই শেষ হয়েছে। সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ খান বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে কালভার্টটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে হওয়ায় পৌরসভার পক্ষে তা নির্মাণ করা সম্ভব হয়নি। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি চিকিৎসক হামিদুর রহমান বলেন, কালভার্টটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে এর আগেও নাগরিক কমিটির পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। একই সময়ে নির্মিত পশ্চিম ঢাকা রোডের কালভার্টটিও ভেঙে পড়েছিল। তাই দ্রুত বটতলী মোড়ের কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণ করা প্রয়োজন। বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেদুল হক জানান, কালভার্টটি পরিদর্শনের জন্য তাদের দপ্তর থেকে দ্রুত লোক পাঠানো হবে। এ সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights