শরীফুলের ক্যান্ডিকে হারাল তাসকিনের কলম্বো

অনলাইন ডেস্ক

লঙ্কা প্রিমিয়ার লিগে শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসকে দুই রানে হারিয়েছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। আজকের ম্যাচে শরীফুল ৪ ওভারে ৪৩ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। আর তাসকিন এক উইকেট নিয়েছেন ৪ ওভারে ৩০ রান দিয়ে।

ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৯ রান করে কলম্বো। ৪৩ বলে সর্বোচ্চ ৭০ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। এ ছাড়া তাসকিন ব্যাট হাতে ৩ বলে ১ ছক্কায় করেন ৭ রান।

জবাবে শুরুটা ভালো হয়নি ক্যান্ডির। ১২ রানে থামে ওপেনার দিনেশ চান্ডিমালের ইনিংস। এরপর আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ হারিস জুটি গড়ে দলের রান বাড়াতে থাকেন। ফ্লেচারের ব্যাট থেকে আসে ৪৭ রান, হারিস থেমেছেন ৩২ বলে ৫৬ রান করে।
পরে কামিন্ডু মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসও থিতু হয়ে আউট হয়েছেন। মেন্ডিস ১৬ বলে ৩৬ রান করে আউট হন। আর ম্যাথুস জয়ের কাছাকাছি গিয়েও জয় নিয়ে ফিরতে পারলেন না। তার রান আউটে শেষ হয়েছে জয়ের স্বপ্ন। তবে তার ৩৩ রান এসেছে মাত্র ১৪ বলে।

শেষ ওভারে জয়ের জন্য ২০ রান দরকার ছিল। থিসারা পেরেরার বলে ২টি ছক্কা ও ১টি চারে সমীকরণটা শেষ বলে ৩ রানে আনেন ম্যাথুস। কিন্তু শেষ বলে ম্যাথুস রান আউট হলে ২ রানের জয় পায় তাসকিনদের কলম্বো।

কলম্বোর হয়ে ২৬ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মাথিশা পাতিরানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights