শহরের বুকে গ্রাম বাংলার আবহ আনবে ঢাবির বসন্ত বরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শহরের বুকে গ্রাম বাংলার আবহে ঋতুরাজ বসন্তকে বরণ করতে বর্ণিল আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা ও সাবেক সভাপতি রাগীব রহমান, সভাপতি দেবজ্যোতি বিশ্বাস, সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক, সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ নেওয়াজ জয়, সহকারী কোষাধ্যক্ষ সাদেকুর রহমান সানি।
সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রেস সেক্রেটারি শামরী রহমান জানান, আগামী রবিবার (১০ মার্চ) গ্রামীণ লোকজ মেলার উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে উৎসবটি শুরু হবে। দিনব্যাপী আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা।

তিনি জানান, গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকবে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন।

তিনি আরও বলেন, বিকেল ৩টায় আলোচনা সভা, গুণীজন সম্মাননা, ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। গুণিজন সম্মাননা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি উপস্থিত থাকবেন।

উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ ও প্রকৌশলী তানভীর শাকিল জয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে গুণীজন সম্মাননা গ্রহণ করবেন সঙ্গীতশিল্পী রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির উপদেষ্টা অধ্যাপক ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

আলোচনা সভা শেষে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। সন্ধ্যায় ব্যান্ডদল ‘এভয়েডরাফা’ ও ‘কৃষ্ণপক্ষ’র সঙ্গীত পরিবেশন করবেন।

এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি দেবজ্যোতি বিশ্বাস বলেন, বাংলা সংস্কৃতিকে অনন্য মাত্রায় তুলে ধরতে আমাদের এই আয়োজন। দিনে দিনে আমাদের সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে।

সাধারণ সম্পাদক কে এম তানভীরুল হক বলেন, শহরের বুকে একটুকরো গ্রাম ফুটিয়ে তোলাই আমাদের উদ্দেশ্য। শহরের মানুষরাও যেন আমাদের গ্রামীণ লোকজ ঐতিহ্য সম্পর্কে জানতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights