শাবিতে তিন দিনের নাট্যোৎসব, প্রথম দিনেই মঞ্চস্থ হবে ‘অদ্যপুরাণ’

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে দিক থিয়েটারের তিন দিনব্যাপী ‘দিক ৮ম জাতীয় নাট্যোৎসব ২০২৬’। সংগঠনটির ২৮তম বর্ষে পদার্পণ এবং চ্যারিটি উদ্যোগকে সামনে রেখে আয়োজিত এবারের উৎসবের শিরোনাম ‘অষ্টাবিংশের অর্ঘ্য’। উৎসবের উদ্বোধনী দিনেই মঞ্চস্থ হবে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’।

শনিবার বিকেলে শাবি প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৯ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত দিক থিয়েটার ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ স্লোগানকে সামনে রেখে শাবিপ্রবিতে দীর্ঘদিন ধরে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আগামী ২৭, ২৮ ও ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবারের জাতীয় নাট্যোৎসব।

উৎসবের মূলমন্ত্র নির্ধারণ করা হয়েছে ‘তমসার ছায়া যাক চির অবসানে, মুখর হোক মানবাত্মা প্রতীতির গানে’।

তিন দিনের এই আয়োজনে স্বাগতিক দল দিক থিয়েটারের পাশাপাশি অংশ নেবে দেশের দুটি নাট্যদল স্পর্ধা ও মনিপুরী থিয়েটার। বিশ্ববিদ্যালয়ের মঞ্চে বিভিন্ন ধারার নাট্যচর্চার একটি মিলনক্ষেত্র তৈরি করাই এবারের আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকেরা।

উৎসবের প্রথম দিনেই মঞ্চস্থ হবে দিক থিয়েটারের নতুন মৌলিক নাটক ‘অদ্যপুরাণ’। এটি সংগঠনটির ৩৪তম প্রযোজনা এবং তৃতীয় মৌলিক নাটক। নাটকটিতে রূপকের মাধ্যমে বর্তমান বিশ্বব্যবস্থা, ক্ষমতার কাঠামো, মানুষের অবস্থান এবং সম্ভাব্য ভবিষ্যৎ তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

এবারের নাট্যোৎসবের অন্যতম বিশেষ দিক হলো চ্যারিটি উদ্যোগ। শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আশরাফুল আলম বর্তমানে দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসায় আর্থিক সহায়তার অংশ হিসেবে নাট্যোৎসবের সব প্রদর্শনীর টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ তুলে দেওয়া হবে।

নাট্যচর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে অসুস্থ সাবেক শিক্ষার্থীর পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।

দিক থিয়েটারের সভাপতি দ্বৈপায়ন দাশ অনন্য বলেন, ‘সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি মানুষের কল্যাণ ও মানবিকতার চর্চাকে এক সুতোয় গাঁথতেই আমাদের এই আয়োজন।’

উৎসব সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও নাট্যপ্রেমীদের সরব উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights