শ্রাবণের বারিধারায় সুরের মুর্ছনা
কুমিল্লা প্রতিনিধি
শ্রাবণের বারিধারায় সুরের মুর্ছনায় মুগ্ধ হয়েছেন শ্রোতারা। কুমিল্লা জিলা স্কুলের এসএসসি ১৯৭৭-৭৮ সালের বন্ধুদের সংগঠন বন্ধু ফোরাম কুমিল্লা এই আয়োজন করে।
নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লার মিলনায়তনে আয়োজিত ‘শ্রাবণের সন্ধ্যায় সুরের মুর্ছনা’ শিরোনামে এই সংগীত সন্ধ্যায় গান পরিবেশন করেন গজলের খ্যাতনামা শিল্পী ইকরাম মোস্তাফিজ পপলু।
পপলুর গলায় হারানো দিনের সুর উঠে আসে। তিনি ছড়িয়ে দেন বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি ভাষার গান ও গজলের মাদকতা। সুরের মুগ্ধতায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়ায় অনুষ্ঠান শেষ হতে রাতে সাড়ে ১০টা ছাড়িয়ে যায়। এসময় ৬০এর ঊর্ধ্ব বয়সীদের তরুণদের মতো আনন্দে মেতে উঠতে দেখা যায়। মিলনায়তনে বসে সুরের মেলা আর বাইরে আকাশ থেকে ঝরতে থাকে শ্রাবণের বারিধারা।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জানান ফোরামের সদস্য ওষুধ প্রশাসনের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অব. মোস্তাফিজুর রহমান। প্রথম দিকে গান পরিবেশন করেন খালিদ লতিফ। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ফোরামের আহ্বায়ক কাজী ফখরুল আলম, যুগ্ম আহ্বায়ক এজেডএম আফজাল জুয়েল, সদস্য সচিব আসিফ চৌধুরী ও সদস্য কাজী জাভেদ প্রমুখ।
ফোরামের আহ্বায়ক কাজী ফখরুল আলম বলেন, বন্ধুদের নির্মল আনন্দ দিতে ও সুস্থ সংস্কৃতিকে এগিয়ে নিতে আমরা এই আয়োজন করেছি। বন্ধু ফোরাম দুস্থদের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।
