শাবি সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ও সাবেক ভিসি হাবিবুর রহমানের স্মরণসভা

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন, সমাজকর্ম বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দা সুলতানা এবং স্মরণসভার আহ্বায়ক অধ্যাপক ফখরুল আলম।

অনুষ্ঠানে অধ্যাপক এম হাবিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ। এছাড়া অধ্যাপক ড. তাহমিনা ইসলাম তার বিখ্যাত ‘আত্মহত্যা বিষয়ক গবেষণা’র সারসংক্ষেপ ও পর্যালোচনা উপস্থাপন করেন।

সমাজকর্ম বিভাগের প্রভাষক ইসরাত জাহান ঝুমির সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। এ সময় বিভাগের শিক্ষকরা অধ্যাপক এম হাবিবুর রহমানের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘অধ্যাপক এম হাবিবুর রহমান ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্থপতি। তিনি সমাজকর্ম বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। উপাচার্য হিসেবেও তার অবদান স্মরণীয়। সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের সামনে যে আদর্শ স্থাপন করে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।’

উল্লেখ্য, অধ্যাপক এম হাবিবুর রহমান শাবিপ্রবির তৃতীয় উপাচার্য এবং সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৯২ সালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ১৯৯৪ সালে সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং উপ-উপাচার্যের দায়িত্বও পালন করেন। ১৯৯৭ সালে তিনি শাবিপ্রবির তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০১ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন। তার মেয়াদকালেই ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

২০০২ সালে অবসরে যাওয়ার পর তিনি সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০০৬ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। শিক্ষা, সমাজকর্ম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights