ফরিদপুরে খামারিদের মাঝে বাছুর বিতরণ
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে নদীভাঙন কবলিত চরাঞ্চলের খামারিদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী-পুরুষ খামারিদের হাতে বাছুরগুলো তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একে এম আসজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাত জেলার সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. আব্দুর রহিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান।
প্রধান অতিথির বক্তৃতায় চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘বর্তমান সরকার চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদের সাবলম্বী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জসহ ৭ জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়নের প্রকল্পের আওতায় খামারিদের মাঝে ২৫টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ফরিদপুর জেলার চারটি ইউনিয়নের ১৪৮ জন খামারিদের মাঝে পর্যায়ক্রমে বাছুর বিতরণ করা হবে।
