শায়খ আহমাদুল্লাহকে ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল

অনলাইন ডেস্ক

প্রবাসীদের সুসংবাদ দিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে শিগগিরই শরিয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম চালু হবে।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রবাসীকল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা বলার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

আসিফ নজরুল লেখেন, প্রবাসী ভাইদের জন্য সুসংবাদ। প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে অচিরেই চালু হচ্ছে শরিয়াভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম। আজ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে কথা হয়েছে। উনি জানিয়েছেন এ মাসের মধ্যে কার্যক্রম চালু করা সম্ভব হবে।

তিনি আরও লেখেন, এই পদক্ষেপ নিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন শায়খ আহমাদুল্লাহ ভাই। ওনাকে অনেক ধন্যবাদ।

জবাবে এক ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নজরুলকে ধন্যবাদ জানিয়ে শায়খ আহমাদুল্লাহ লেখেন, প্রবাসীদের জন্য প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে সুদমুক্ত ঋণ দেওয়ার দাবি তুলেছিলাম আমরা। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বিষয়টি বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। আমরা আনন্দিত যে, তিনি যথাযথ উদ্যোগ গ্রহণ করেছেন এবং এক মাসের মধ্যেই প্রবাসীকল্যাণ ব্যাংকে শরিয়াহ উইং চালুর ঘোষণা দিয়েছেন। তাকে আন্তরিক ধন্যবাদ। এতে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের পথ কিছুটা হলেও সুগম হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, অবশ্য আমরা প্রথমে শরিয়াহ উইং চালুর দাবি করলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত প্রবাসীদের অনুষ্ঠান থেকে সর্বশেষ দাবি ছিল প্রবাসীকল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য সম্পূর্ণ সুদ বা মুনাফামুক্ত ঋণ কার্যক্রম চালু করার। আশা করি, পরবর্তী ধাপে সে উদ্যোগ নেওয়া হবে। আপাতত শরিয়াহ উইং খোলার ঘোষণাটি দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি সংশ্লিষ্টদের প্রতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights