শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান
চাঁদপুর প্রতিনিধি
শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতি মাসে অভিভাবক সমাবেশ ও জবাবদিহিমূলক কার্যক্রম নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সঙ্গে মতবিনিময় সভা এবং ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সংসদ সদস্য বলেন, শিক্ষার মান উন্নয়নের দায়িত্ব শুধু শিক্ষকদের নয়, পরিচালনা পর্ষদেরও। আগামী এসএসসি পরীক্ষার আগে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিতে হবে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলায় আগ্রহী করা এবং কিশোর গ্যাং প্রতিরোধে নিয়মিত অভিভাবক সমাবেশের মাধ্যমে সচেতনতা তৈরি করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের উদ্দেশে তিনি বলেন, সম্প্রতি গঠিত অ্যাডহক কমিটিগুলোকে আগামী ছয় মাসে কাজের প্রমাণ দিতে হবে। দায়িত্ব নিয়ে নিষ্ক্রিয় থাকলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। নির্বাচনী এলাকায় শিক্ষার হার ও মান বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে বেশি বরাদ্দ পাওয়ার সুযোগ তৈরি হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠান প্রধানদের হাতে ক্রীড়াসামগ্রী (ফুটবল) তুলে দেওয়া হয়।
