শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এখন সংস্কার প্রয়োজন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ৬২ দিনের অভিজ্ঞতায় মনে হয়েছে যে বাংলাদেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে এলোমেলো করে দেয়া হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এদেশের ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের কারিকুলামে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা নেই।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, আমাদের চাপে রেখে ছাত্রদেরকে ব্যবহার করে যারা অটোপাস আদায় করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোন অটোপাস দেয়া হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অটোপাস দিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
আলোচনা সভায় সমাপনি বক্তব্য রাখেন সভার সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের শুরু হয় সকাল সাড়ে ১০টায় উপাচার্য নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। র্যালী শেষে শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
