শিখ নেতাকে হত্যায় ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভারতীয় দোষী সাব্যস্ত

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রের মামলায় ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে দোষী ঘোষণা করেছেন আদালত। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে তিনটি গুরুতর ফৌজদারি অভিযোগ প্রমাণিত হয়েছে।

ম্যানহাটনের যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অফিস জানায়, ৫৪ বছর বয়সি নিখিল গুপ্তা তিনটি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। তার বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা, ভাড়ার বিনিময়ে হত্যার ষড়যন্ত্র এবং অর্থ পাচারের ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে। আইন অনুযায়ী, এসব অভিযোগে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সাজা ঘোষণার তারিখ পরে নির্ধারণ করা হবে।

মার্কিন প্রসিকিউটররা অভিযোগ করেছেন, গুপ্তা একজন ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে মিলে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ান্ত সিং পান্নুকে হত্যা করার ষড়যন্ত্র করছিলেন। পান্নু যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র-কানাডার দ্বৈত নাগরিক। তিনি উত্তর ভারতের স্বাধীন শিখ রাষ্ট্রের পক্ষে দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে গুপ্তার আইনজীবীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ২০২৪ সালের জুনে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রে তাকে হস্তান্তর করা হয়। পরে তিনি ব্রুকলিন কারাগারে বন্দী রয়েছেন। হস্তান্তরের ঠিক পরেই তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন।

ভারত সরকার স্পষ্টভাবে এই হত্যাচেষ্টার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তারা জানিয়েছে, এ ধরনের পরিকল্পনা সরকারের নীতিবিরোধী।

সূত্র: জিও নিউজ, গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights