শিবচরে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান বেপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী অন্ধ আবুল হোসেন মৃধা (৭০)–কে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৫৫)। তিনি আবুল হোসেন মৃধার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আবুল হোসেন মৃধা তাঁর স্ত্রী রোকেয়া বেগম এবং দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়ার সঙ্গে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক তিনটার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে গলাকেটে হত্যা করা হয়। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোকেয়া বেগমের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, আটক আবুল হোসেন মৃধা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে কী কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights