শিয়াল বাঁচাতে গিয়ে প্রাণ গেলো অটোরিকশা চালকের

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে শিয়াল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন যাত্রী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া টানা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজিচালকের পরিচয় এখনো জানা যায়নি।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, চারজন যাত্রী নিয়ে ঢাকাগামী সিএনজিচালিত অটোরিকশাটি রশুনিয়া টানা ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ কয়েকটি শিয়াল সড়কে উঠে পড়ে। এসময় শিয়ালকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চালক মারা যান। এ সময় সিএনজিচালিত অটোরিকশার চাপায় একটি শিয়ালও মারা যায়। অপর আহত চার যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত চালকের পরিচয় জানার চেষ্টা চলছে। আর লাশ থানায় আনা আছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights