শিল্পকলায় ‘পঞ্চনারী আখ্যান’

সাংস্কৃতিক প্রতিবেদক
পাঁচ নারীর মর্মান্তিক ঘটনাবলী নিয়ে শিল্পকলা একাডেমিতে একক নাটক ‘পঞ্চনারী আখ্যান’ মঞ্চায়ন করলো ঢাকা থিয়েটার। সোমবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। হারুন রশীদ রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন শহীদুজ্জামান সেলিম। এটি দলের ৩৭তম প্রযোজনার নাটক। নাটকটির পাঁচটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী।

নাটকে রোজী সিদ্দিকী অভিনীত চরিত্রগুলোর নাম জোলেখা, অন্তরা, মনোরমা, মরিয়ম এবং মমতাজ। চরিত্রগুলোতে অভিনেত্রী সমাজের বিভিন্ন স্তরের পাঁচ নারীর মর্মন্তুদ জীবনকাহিনি তুলে ধরেছেন।

প্রাণভয়ে পালিয়ে বেড়ানো জোলেখার গল্প দিয়ে শুরু হয় নাটক। পর্যায়ক্রমে রঙিন দুনিয়ার মানুষ অন্তরা এসে শোনায় তার অন্তরালের কথা। মেডিকেল সার্টিফিকেটে সন্তান না হওয়ার দায় স্বামীর হলেও পরিবার ও সমাজ মনোরমাকে দোষারোপ করে। আর স্বামীর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে ঘরছাড়া হয় মরিয়ম। সবশেষে মঞ্চে উঠে আসে মুঘল সম্রাট শাহজাহানের পত্নী মমতাজ মহল।
উল্লেখ্য, শিল্পকলায় ২০১২ সালের নভেম্বরে নাটকটির প্রথম মঞ্চায়ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights