শিশুকে ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ১৯ বছর পর শাহানুর (৪০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ প্রদান করেন। শাহানুর লালপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১২ জুলাই রাতে লালপুরে শাহানুর এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে শিশুটির চিৎকার শুনে বাবা-মা ছুটে এলে সে ঘটনার কথা তাদেরকে জানায়। ২৬ জুলাই ওই শিশুর বাবা বাদী হয়ে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহানুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তভার লালপুর থানা পুলিশকে প্রদান করে। পরে থানার তৎকালীন উপপরিদর্শক মমিনুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ২২ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছরই মামলাটি বিচারের জন্য আদালতে আসে। কিন্তু সাক্ষীরা আদালতে আসতে গড়িমসি করেন। ১৯ বছরে মাত্র ৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আনিসুর রহমান জানান, মামলার বাদী দীর্ঘদিন আদালতে হাজির হননি। এছাড়া এই মামলায় মাত্র চারজন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। ওই চারজন সাক্ষীদের দেওয়া সাক্ষ্য সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাহানুরকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন। বর্তমানে আসামি পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights