শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে কলাপাড়ায় গ্রেফতার ১
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে যৌন নির্যাতনের মামলা দায়ের করেছেন। গ্রেফতার সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, সেকান্দার প্রায়ই শিশুটির বাড়িতে যাওয়া-আসা করত। গত ১৪ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে সে ভুক্তভোগী শিশুর বাড়িতে গিয়ে খাবারের প্রলোভন দেখিয়ে তাকে খালপাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়। এ সময় শিশুটি চিৎকার করলে সে দৌঁড়ে পালিয়ে যায়।
মহিপুর থানার ওসি শামীম আহমেদ বলেন, অনন্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।
