শীতে শরীর উষ্ণ রাখতে সহায়তা করে যে ১০ খাবার

অনলাইন ডেস্ক
শীতে শরীরের একটু বাড়তি যত্ন দরকার হয়। যেমন শীতে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বেশি ক্যালরির প্রয়োজন হয়। তবে এ কারণে পুষ্টিকর খাবারের অভ্যাস থেকে সরে আসার দরকার নেই। শীতে শরীর উষ্ণ রাখতে ১০টি খাবার আপনার পাতে রাখতে পারেন।

১. শাকপাতা

শীতকালে শাকপাতা খুবই উপকারী, বিশেষ করে পালংশাক। এগুলো ভিটামিন সি-এর ভালো উৎস, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। এ ছাড়া এতে রয়েছে ভিটামিন কে, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং ভিটামিন এ, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এসব শাক গরম করে খেতে পারেন।

মাটির নিচে জন্মানো সবজি

বিট, গাজর ও শালগমের মতো মাটির নিচে জন্মানো সবজি শীতকালে প্রচুর পাওয়া যায়। এসব সবজিতে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি ও এ-সহ প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। এগুলো রোগ প্রতিরোধক্ষমতা বাড়িয়ে সর্দি-জ্বর থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।

লেবুজাতীয় ফল

ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোর পাশাপাশি মন ভালো রাখতেও সাহায্য করে। কমলা, জাম্বুরা ও লেবুর মতো ফল ভিটামিন সি-এর পরিচিত উৎস। এ ছাড়া স্ট্রবেরি, আম ও কিউই ফলেও প্রচুর ভিটামিন সি রয়েছে।

ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার

শীতের কম আলোযুক্ত দিনগুলোতে ভিটামিন ডি-সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি। স্যালমন মাছ ভিটামিন ডি-এর ভালো উৎস। এ ছাড়া ডিমের কুসুম, পুষ্টি উপাদান সমৃদ্ধ করা সিরিয়াল, দুধ, লাল মাংস ও মাশরুমেও ভিটামিন ডি রয়েছে।

শিম ও ডালজাতীয় খাবার

ছোলার মতো শিম ও ডালজাতীয় খাবারে প্রচুর প্রোটিন রয়েছে। এগুলোতে প্রায় সব প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডও পাওয়া যায়।

কম সোডিয়ামযুক্ত স্যুপ

শীতের জন্য স্যুপ আদর্শ খাবার, তবে তা ঘরে তৈরি অথবা কম সোডিয়ামযুক্ত হতে হবে। প্রতি পরিবেশনে ১৪০ মিলিগ্রাম বা এর কম সোডিয়াম থাকলে সেটিকে কম সোডিয়ামযুক্ত স্যুপ বলা হয়। ‘রিডিউসড সোডিয়াম’ বলতে বোঝায়, স্যুপের সোডিয়ামের পরিমাণ মাত্র ২৫ শতাংশ কমানো হয়েছে।

ক্রিম, গরুর মাংস ও লবণ ব্যবহার করা হয় এমন রেসিপি এড়িয়ে চলুন। এর পরিবর্তে মুরগির মাংসের ঝোল, সবজির ঝোল অথবা পানি দিয়ে তৈরি স্যুপ বেছে নিন, যাতে প্রচুর সবজি থাকে।

পূর্ণ শস্য

কুইনোয়া এবং ওটমিল, ফারো, বুলগুর ও বাকউইটের মতো পূর্ণ শস্যে প্রোটিন ও আঁশ রয়েছে। শীতকালে ওটমিল সকালের নাশতা কিংবা হালকা খাবার হিসেবে ভালো। এতে প্রচুর জিঙ্ক রয়েছে, যা রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। এ ছাড়া এতে দ্রবণীয় আঁশ রয়েছে, যা হৃদযন্ত্রের সুস্থতা বাড়ায়।

বেরিজাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও রাসবেরিতে প্রচুর আঁশ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো ভিটামিন সি, ম্যাঙ্গানিজ ও ভিটামিন কে১-এরও ভালো উৎস।

দই

দইয়ে প্রোটিনের পরিমাণ বেশি। এটি ভিটামিন বি-১২, ক্যালসিয়াম ও প্রোবায়োটিকের ভালো উৎস। প্রোবায়োটিক অন্ত্রের অণুজীবের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। স্বাদযুক্ত দই এড়িয়ে চলুন।

বাদাম

কাঠবাদাম, আখরোট, কাজুবাদাম ও পেস্তার মতো বাদামে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান রয়েছে। মিষ্টির প্রলেপ দেওয়া, লবণযুক্ত কিংবা ট্রেইল মিক্সের সঙ্গে মেশানো বাদামের পরিবর্তে কাঁচা, লবণবিহীন বা কম লবণযুক্ত বাদাম কিনুন।

সূত্র: স্ট্যামফোর্ড হেলথ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights