শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের : ড. মামুন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। এ লক্ষ্যে তরুণদের নতুন ব্যবসা ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা, প্রশিক্ষণ প্রদান এবং আর্থিক সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করে তোলার বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. মামুন বলেন, বর্তমান সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নিজেদের প্রস্তুত করবে না; বরং নিজেদের জ্ঞান, মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। একজন উদ্যোক্তা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। তাই শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা এখন সময়ের দাবি।

তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায়। সরকারের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দের প্রস্তাব এবং আরও ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিসহ তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ ও আর্থিক সহায়তার বিভিন্ন উদ্যোগ রয়েছে। ব্যাংকঋণের উচ্চ সুদহারে উদ্যোক্তাদের ওপর তৈরি হওয়া অর্থনৈতিক চাপ কিছুটা লাঘব করতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে নতুন উদ্যোক্তাদের ব্যবসা শুরু ও সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। তবে শুধু অর্থায়ন নয়, উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, পরামর্শ, প্রযুক্তিগত জ্ঞান এবং বাজারের সঙ্গে সংযোগ তৈরিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচিত তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর করহার হ্রাস ও কর-সুবিধার উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ আরও শক্তিশালী করা প্রয়োজন।

বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা তুলে ধরে ইউজিসি সদস্য বলেন, বিশ্ববিদ্যালয়কে শুধু ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ রাখলে চলবে না। শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন, সমস্যা সমাধানের সক্ষমতা এবং ব্যবসায়িক ধারণা বিকাশের পরিবেশ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ইনোভেশন হাব, উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম, স্টার্টআপ সহায়তা এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর যোগাযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষার্থীদের নতুন ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দিতে বিশ্ববিদ্যালয় থেকেই প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা দিতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে কর্মক্ষেত্রের চাহিদা দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ, নেতৃত্ব ও পেশাগত দক্ষতা অর্জন করতে হবে। এসব দক্ষতা তাদের চাকরির বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠায় সহায়তা করবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন নিজেদের দক্ষতা, যোগ্যতা ও সৃজনশীলতা বিকাশের গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে শুধু নিজের ভবিষ্যৎ কর্মজীবন নয়, বরং দেশের অর্থনীতি ও সমাজের জন্য অবদান রাখার প্রস্তুতি নিতে হবে। চাকরির অপেক্ষায় না থেকে নিজেদের উদ্যোগের মাধ্যমে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরির মানসিকতা গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইয়ামিন আর রশিদ। বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights