শুরুতেই জমজমাট গোল্ডেন বুটের লড়াই
ক্রীড়া প্রতিবেদক
বিশ্বকাপের প্রথম সপ্তাহ শেষ না হতেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। শিরোপার মতোই আলোচনায় এখন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। কে হবেন আসরের সর্বোচ্চ গোলদাতা, সেই হিসাব-নিকাশ কষতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। এখন পর্যন্ত গোল্ডেন বুট জয়ের দৌড়ে সবার ওপরে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। প্রথম ম্যাচেই তিন গোল করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে এসে মেসি যেন নতুন করে লিখতে চাইছেন নিজের নতুন আরেক গল্প। অবশ্য মেসির জন্য পথ মোটেও সহজ নয়। তার পেছনেই রয়েছেন কয়েকজন ভয়ংকর প্রতিদ্বন্দ্বী। দুই গোল করে তালিকায় আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, ইংল্যান্ডের হ্যারি কেইন, নরওয়ের আর্লিং হলান্ড, জার্মানির কাই হ্যাভার্টজ, নিউজিল্যান্ডের এলাইজা জাস্ট, সুইডেনের ইয়াসিন আয়ারি এবং যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগান। বিশেষ করে এমবাপ্পেকে অনেকেই গোল্ডেন বুটের সবচেয়ে বড় দাবিদার মনে করছেন। চার বছর আগে কাতার বিশ্বকাপে আট গোল করে এই পুরস্কার জিতেছিলেন ফরাসি তারকা। এবারও শুরুটা করেছেন জোড়া গোল দিয়ে। ফ্রান্স যত দূর যাবে, এমবাপ্পের গোলসংখ্যা বাড়ার সম্ভাবনাও তত বেশি। অবশ্য ইতিহাস গড়তে হবে এমবাপ্পেকে। অতীতে কোনো ফুটবলারই বিশ্বকাপে টানা দুবার গোল্ডেন বুট জয় করতে পারেননি। হ্যারি কেইনের নামও আছে আলোচনায়। ২০১৮ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত। ইংল্যান্ডের আক্রমণভাগের প্রধান ভরসাও তিনি। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই আলো ছড়িয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড। ক্লাব ফুটবলে গোলের পর গোল করেছেন এই নরওয়েজিয়ান তারকা। জাতীয় দলের জার্সিতে একই ধারাবাহিকতা ধরে রাখলে গোল্ডেন বুটের লড়াইয়ে বড় হুমকি হয়ে উঠবেন।
বিশ্বকাপের ইতিহাস অবশ্য বলে, শুরুতে এগিয়ে থাকলেই শেষ পর্যন্ত শীর্ষে থাকা যায় না। অনেক সময় নকআউট পর্বে কয়েকটি দুর্দান্ত ম্যাচই বদলে দেয় পুরো চিত্র। তাই এখনই কাউকে এগিয়ে রাখা কঠিন। তবে একটি করে ম্যাচ খেলা শেষে বলাই যায়, গোল্ডেন বুটের লড়াই জমে উঠেছে। মেসি এগিয়ে আছেন। পেছনে তাড়া করছেন এমবাপ্পে, কেইন ও হলান্ড। বিশ্বকাপ যত সামনে এগোবে, ততই উত্তাপ ছড়াবে গোলের সেরাদের এ লড়াই। আর ফুটবলপ্রেমীরা অপেক্ষা করবেন শেষ পর্যন্ত কার হাতে ওঠে আসরের সবচেয়ে কাক্সিক্ষত ব্যক্তিগত পুরস্কার।
