শেকৃবিতে র‍্যাগিং ও বুলিং নিষিদ্ধ, কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি

শেকৃবি প্রতিনিধি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত ৮৪তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২৪ প্রোগ্রামে এসব কথা বলেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহা. আশাবুল হকের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার শেখ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অবিভাবকসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা একে অপরের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে চলবে, যেন ক্যাম্পাসে শান্তিপূর্ণ এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে। কারণ আগামীতে তোমরাই শেরেবাংলার গ্রাজুয়েট হিসেবে কৃষির নেতৃত্ব দিবে। এছাড়াও তিনি নবীন শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যেই বিএসসি অনার্স ডিগ্রি শেষ করার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকে পড়াশোনাকে প্রাধান্য দিবে। কোনো ধরনের অনৈতিক কাজে জড়াবে না। কেউ যদি অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়ায় তবে আগাছার মত পরিষ্কার করতে কুণ্ঠাবোধ করব না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সহযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ বলেন, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের জন্য আবাসন নিশ্চিত করা সহ সর্বোচ্চ সুবিধা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। তবে কোনো শিক্ষার্থী মাদকে জড়িয়ে পড়লে এবং র‍্যাগিং করলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ববিদ্যালয় থেকে বিদায় করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights