শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান
♦ ১৬ বছর পর ফিরছে সরাসরি তালিকাভুক্তি, ডিসেম্বরের মধ্যে দুটি নতুন কোম্পানি আসার আশা ডিএসইর ♦ ব্যবসায়িক লেনদেন কমপক্ষে ১ হাজার কোটি টাকা, তারাও সরাসরি তালিকাভুক্তির যোগ্য হবে ♦ বহুজাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশের প্রধান কার্যালয়ের অনুমোদনেরও প্রয়োজন হতে পারে
দেশের শেয়ারবাজারে বহুজাতিক কোম্পানি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৬ বছর পর পুনরায় চালু করা হয়েছে ডাইরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তির সুযোগ। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সম্প্রতি এ-সংক্রান্ত বিধিমালার চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। নতুন বিধিমালার ফলে দেশে কার্যক্রম পরিচালনাকারী বহুজাতিক কোম্পানি (এমএনসি) এবং দেশীয় বৃহৎ শিল্পগোষ্ঠীগুলোর জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন দেশের শেয়ারবাজারে ভালো মানের ও মৌলিক ভিত্তিসম্পন্ন কোম্পানির শেয়ারের সংকট রয়েছে। এ অবস্থায় বহুজাতিক ও স্বনামধন্য বৃহৎ প্রতিষ্ঠানগুলো বাজারে এলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়া এবং শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগের সুযোগ সম্প্রসারিত হবে। নতুন বিধিমালা অনুযায়ী, সরকারের সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ মালিকানাধীন প্রতিষ্ঠান, কোনো প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধনের অন্তত ১০ শতাংশের মালিক সরকার এমন কোম্পানি এবং সম্পূর্ণ বা সংখ্যাগরিষ্ঠ বিদেশি মালিকানাধীন কোম্পানি সরাসরি তালিকাভুক্ত হতে পারবে। এ ছাড়া সর্বশেষ নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কমপক্ষে ৫০০ কোটি টাকা নিট সম্পদ রয়েছে এমন তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিমা কোম্পানিও এ সুযোগ পাবে। যেসব কোম্পানির বার্ষিক টার্নওভার বা ব্যবসায়িক লেনদেন কমপক্ষে ১ হাজার কোটি টাকা, তারাও সরাসরি তালিকাভুক্তির যোগ্য হবে।
তবে দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কয়েকটি শর্ত রাখা হয়েছে। কোম্পানিকে টানা অন্তত পাঁচ বছর বাণিজ্যিক উৎপাদনে থাকতে হবে এবং সর্বশেষ দুই অর্থবছরে মূল কার্যক্রম থেকে মুনাফা করতে হবে। তালিকাভুক্তির পর উদ্যোক্তা ও পরিচালকদের যৌথভাবে অন্তত ৩০ শতাংশ শেয়ার ধরে রাখতে হবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকারের পরামর্শে নির্ধারিত রেফারেন্স মূল্যের চেয়ে অন্তত ২৫ শতাংশ কম দামে শেয়ার অফারের বিধান রাখা হয়েছে। বিনিয়োগকারীদের সুরক্ষা ও বাজারে স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব শর্ত আরোপ করা হয়েছে।
সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে নতুন শেয়ার ইস্যু না করেও উদ্যোক্তা ও বিদ্যমান শেয়ারহোল্ডারদের হাতে থাকা শেয়ার বিক্রির সুযোগ থাকবে। ফলে কোম্পানির মূলধন কাঠামো পরিবর্তন না করেই শেয়ারবাজারে আসা সম্ভব হবে। পাশাপাশি আইপিও প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এড়িয়ে তুলনামূলক কম সময়ে তালিকাভুক্তির সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত দুই দশকে বাংলাদেশের শেয়ারবাজারে মাত্র দুটি বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হয়েছে। আইনি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানগুলোর অনেকেই এতদিন শেয়ারবাজারে আসতে আগ্রহ দেখায়নি। নতুন বিধিমালার মাধ্যমে এ বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে বন্ডবাজার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের পাশাপাশি শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে লেনদেনের পরদিনই নিষ্পত্তি সম্পন্ন করার ‘টি+১’ ব্যবস্থা চালুর লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানতে চাইলে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নূজহাত আনোয়ার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শেয়ারবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্তির বিষয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তালিকাভুক্তির আগে কোম্পানিগুলোকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়। বহুজাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিদেশের প্রধান কার্যালয়ের অনুমোদনেরও প্রয়োজন হতে পারে।
তিনি বলেন, বিএসইসি নতুন বিধিমালা জারি করেছে। আবেদন জমা পড়ার পর দ্রুত অনুমোদন দেওয়ার চেষ্টা করা সম্ভব হবে বলে আশা করছি। নতুন কমিশন সরকারি ও বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার বিষয়ে উদ্যোগ নিয়েছে। আমি আশাবাদী, ডিসেম্বরের মধ্যে অন্তত দুটি নতুন কোম্পানির তালিকাভুক্তি দেখতে পাব।
