শেয়ারবাজারে দারুণ শুরুর পরদিনই ধাক্কা, অ্যানথ্রপিকের শেয়ার নিয়ে সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

শেয়ারবাজারে প্রথমবার তালিকাভুক্তির পরদিনই বাড়তি দামের প্রায় সবটুকু হারিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। গত শুক্রবার লেনদেনের একপর্যায়ে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৪ শতাংশ পর্যন্ত কমে ৮৩ ডলারের প্রাথমিক মূল্যে নেমে আসে। যদিও দিন শেষে ৮ দশমিক ৫ শতাংশ দরপতন নিয়ে শেয়ারটি ৮৮ দশমিক ২১ ডলারের মধ্যে স্থির হয়।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে চমকপ্রদ শুরু করেছিল ‘ক্লড’ চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠানটি। শেয়ারবাজারে প্রথমবার শেয়ার ছেড়ে (আইপিও) রেকর্ড ৯ হাজার ৩৫০ কোটি ডলার এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আরও ২ হাজার ৬০০ কোটি ডলার সংগ্রহ করে অ্যানথ্রপিক। প্রথম দিন ৮৩ ডলারের নির্ধারিত দামের চেয়ে ৩৪ শতাংশ বেড়ে ১১১ দশমিক ৫০ ডলারে লেনদেন শুরু হয় এবং দিন শেষে দাম ১৭ শতাংশ বেশি ছিল। তবে তৃতীয় কার্যদিবসের আগে প্রিমার্কেট লেনদেনে শেয়ারটির দাম ৪ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, অ্যানথ্রপিকের শেয়ারে বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ থাকলেও সামগ্রিক এআই ও প্রযুক্তি খাতের শেয়ারবাজার চাপে রয়েছে। গত সপ্তাহে নাসডাক ও ডাও সূচকে ছয় বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন ঘটে এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচকে ২০২৫ সালের এপ্রিলের পর সবচেয়ে বড় ধস নামে। এর ফলে বিনিয়োগকারীরা এআই খাতের প্রকৃত মূল্য ও পুঁজিপ্রবাহ নতুন করে হিসাব করছেন।

মুড্রেক্সের বিজনেস প্রধান প্রতীক গুপ্ত বলেন, এই তালিকাভুক্তির ফলে সাধারণ বিনিয়োগকারীরা এমন একটি প্রতিষ্ঠানে বিনিয়োগের সুযোগ পেলেন, যা আগে মূলত ব্যক্তিগত বাজারেই সীমাবদ্ধ ছিল। তবে দীর্ঘমেয়াদি সাফল্য নির্ভর করবে ব্যবসার মূল ভিত্তি ও প্রবৃদ্ধির লক্ষ্য পূরণের সক্ষমতার ওপর। তাই শুরুর হঠাৎ দাম বাড়া দেখে নয়, বরং প্রতিষ্ঠানের প্রকৃত মূল্য ও দীর্ঘমেয়াদি সম্ভাবনার দিকে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

অ্যানথ্রপিক জানিয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশের কম শেয়ার বরাদ্দ রাখা হয়েছিল। এ ছাড়া বাজারে শেয়ারের দাম স্থিতিশীল রাখতে বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকটি ‘গ্রিনশু’ সুবিধার আওতায় কোম্পানি থেকে সরাসরি আরও ১৪ কোটি ৭০ লাখ শেয়ার কেনার সুযোগ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights