শেরপুরে ভোটকেন্দ্রে আগুন

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের সদর উপজেলার বাজিতখিলায় শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য নির্ধারিত। শনিবার ভোরে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের স্টোররুমে আগুন লাগার এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্কুলে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের স্টোররুমে থাকা বেশ কয়েকটি বেঞ্চ পুড়ে যায়। ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ কামাল বলেন, আমি বিদ্যালয়ের সাথে মসজিদে নামাজ পড়ছিলাম। হটাৎ আগুন আগুন চিৎকার শুনি। পরে বের হয়ে দেখি বিদ্যালয়ের স্টোররুমে আগুন জ্বলছে। তারপর ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভায়।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, স্টোররুমে থাকা বেশ কিছু বেঞ্চ পুড়ে গেছে। কি কারণে আগুন লাগলো বিস্তারিত পরে জানা যাবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights