শ্বাসকষ্ট অতঃপর ইনহেলার, তবুও জোকোভিচ লড়লেন এবং জিতলেন

অনলাইন ডেস্ক

প্রথম সেটের খেলা শেষে শ্বাসকষ্টের কারণে দ্বিতীয় সেট শুরুর আগে কোর্টে বসে পড়েছিলেন। এমন পরিস্থিতিও দমাতে পারেনি নোভাক জোকোভিচকে। শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে কোর্টেই ইনহেলার নিতে দেখা গিয়েছিল। এরপর আবারও লড়াই চালিয়ে গেলেন।

২ ঘণ্টা ২২ মিনিটের লড়াই শেষে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে স্ট্রেট সেটে চেক রিপাবলিকের টমাস মাচাচের বিরুদ্ধে জোকোভিচ জিতলেন ৬-১, ৬-৪, ৬-৪ ব্যবধানে।

শারীরিকভাবে নিজের সেরা জায়গায় না থেকেও সরাসরি সেটে ম্যাচ জিতে নিলেন জোকোভিচ। ১৭তম বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন সার্বিয়ান তারকা। প্রথম দুই রাউন্ডে ম্যাচ জিততে চতুর্থ সেট খেলতে হয়েছিল। শুক্রবার সেটার প্রয়োজন পড়েনি। অথচ, এ দিন শ্বাসকষ্টের কারণে দ্বিতীয় সেট শুরুর আগে বসে পড়েছিলেন।

ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘খুবই ভালো খেলেছি। নিজের খেলা নিয়ে আমি খুশি। এই ফল দেখে আমি অবাক। ভাবিনি স্ট্রেট সেটে হারিয়ে দিতে পারবো। দ্বিতীয় সেটের শুরুতে ও আমার ওপর চেপে বসছিল। শারীরিকভাবেও আমি ঠিক জায়গায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আর আমি ১৯ বছরের নই। তবে খেলা ঘোরাতে সক্ষম হয়েছি। দ্বিতীয় সেট যদি ম্যাচটা জিতে নিত তাহলে ম্যাচের ফল অন্য রকম হতে পারত। তৃতীয় সেটে যদিও আমি আবার তরতাজা হয়ে যাই। এবারের প্রতিযোগিতায় এখনও পর্যন্ত এটা আমার সেরা জয়।’

চতুর্থ রাউন্ডে জোকোভিচকে খেলতে হবে এক নম্বর চেকের টেনিস খেলোয়াড়ের বিপক্ষে। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ যদি সেই ম্যাচ জিতে নেন, তাহলে কোয়ার্টার ফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হতে পারেন।

এদিকে, একই দিনে তৃতীয় রাউন্ডে আলকারাজ হারিয়ে দিয়েছেন নুনো বার্জেসকে। স্প্যানিশ টেনিস তারকা জিতলেন ৬-২, ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। তৃতীয় সেটে হারলেও আলকারাজ ছিলেন স্বমেজাজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights