শ্রমিকলীগ নেতা হত্যা : লালমনিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জন কারাগারে

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম হত্যা ও নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ৩ নেতাকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জজ আদালতে জামিন নিতে আত্মসমর্পণ করলে অতিরিক্ত দায়রা জজ মো. নজরুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আটককৃতরা হলেন- জেলা ছাত্রদলের সভাপতি ও বড়বাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা লিমন, পঞ্চগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার ও হারাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল ও আওয়ামী লীগের শান্তি সমাবেশকে কেন্দ্র করে লালমনিরহাটের মহেন্দ্রনগরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীরসহ অনেকে আহত হয়। পরে গুরুতর আহত জাহাঙ্গীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনার ৩ দিন পর বিএনপির ৮১ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আনিনুল খান।

লালমনিরহাট জেলা জজ ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আকমল হোসেন বলেন, জামিন নিতে আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা বলেন, একটি মিথ্যা হত্যা মামলায় বিএনপির ৩ নেতা দীর্ঘদিন হাইকোর্টের জামিনে ছিলেন। আইনকে শ্রদ্ধা করে আজ তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করেন। এই রায়ের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights