শ্রীবরদীতে জিয়া খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
শেরপুর প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে সরকারি জিয়া খাল দখল দখলমুক্ত করে দ্রুত পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় পৌরবাসী। রবিবার দুপুরে এই মানববন্ধনে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
তারা জানান, ঐতিহ্যবাহী সরকারি জিয়া খালটি শহরের পানি নিষ্কাশন ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কিছু অবৈধ দখলদারদের কারণে খালটি ভরাট হয়ে গেছে। খালের বুকে নির্মাণ করা হয়েছে ভবন ও ব্যাবসাপ্রতিষ্ঠান। এতে পুরো এলাকার স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এর ফলে পৌর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
শুধু তাই নয়, পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় শ্রীবরদী শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা, মধ্যবাজার এলাকা ও উত্তর বাজারসহ বেশকিছু আবাসিক এলাকাতেও জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দখল-দূষণে সমস্ত পৌর এলাকার পরিবেশের ওপর ব্যাপক বিরূপ প্রভাব পড়ছে।
বক্তারা আরও বলেন, ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খালটি খনন করার পর এর নাম হয় ‘জিয়া খাল’। সেটিই কিছু অবৈধ দখলদারদের কবলে পড়ে মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গেছে। অবৈধ দখলকৃত জায়গাগুলো সিএস ও আরওআর রেকর্ড অনুযায়ী খাল হিসেবে উল্লেখ থাকার পরেও পরবর্তী বিআরএস রেকর্ডে ব্যক্তি মালিকানাধীন হয়ে গেছে।
মানববন্ধনে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, সাবেক পৌর মেয়র আবু সাঈদ, বিএনপি নেতা আনিসুর রহমান, আব্দুল্লাহ আল মামুন শাহাজাদা, যুবদল নেতা ইখলাছুর রহমান লিটন, হারুন অর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শাহজাহান কবির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ও পরিবেশ প্রকৃতিপ্রেমী আসাদুজ্জামান প্রিন্স, ব্যবসায়ী ফকির মাহমুদ, নারী নেত্রী রিনা বেগম, ছাত্রদল নেতা রাফি, শিক্ষার্থী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
