শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা’র ১১ বাস আটক করলো জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১১টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এসব বাস আটক করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলো আটক ছিল।

এদিকে, এ ঘটনায় বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
অভিযোগপত্রে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠার সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীরা বাসগুলো আটক করেছে। অভিযুক্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights