সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী মহাসড়কের সংযোগ সড়ক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে ভবনাথপুর এলাকায় যাওয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংযোগ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গুরুত্বপূর্ণ এ সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সরেজমিনে দেখা যায়, বর্ষার টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও রাস্তার অংশ ভেঙে যাওয়ায় যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে থাকায় রাস্তা ও গর্ত আলাদা করে বোঝা কঠিন হয়ে পড়ছে। এতে দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।
এ সড়ক দিয়ে প্রতিদিন সোনারগাঁ থানা, উপজেলা পরিষদ, পৌরসভা, বারদী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকার হাজারো মানুষ যাতায়াত করেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বয়স্করা।
ভবনাথপুর এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা। বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ হচ্ছে। এটি তাঁর নিজ ইউনিয়ন হওয়ায় দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন স্থানীয়রা।
সিএনজি অটোরিকশা চালক মো. সবুজ মিয়া বলেন, প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগে থাকতে হয়। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় কলেজ শিক্ষার্থী আফরিজ সুলতানা বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে কলেজে যাতায়াত করতে হয়। বৃষ্টির দিনে চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় অটোরিকশা উল্টে যাওয়ার আশঙ্কাও থাকে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় ইতোমধ্যে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থীসহ অনেকেই আহত হয়েছেন। তাই জনদুর্ভোগ ও দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, সড়কটির দুরবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মো. সোহেল হোসাইন বলেন, সড়কটির সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু হবে।
