সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে উল্টো গণপিটুনির শিকার যুবক

অনলাইন ডেস্ক

ঘটনাটি দক্ষিণ ভারতের। সেখানকার বেঙ্গালুরু শহরে প্রকাশ্য সড়কে স্ত্রীকে মারধর করতে গিয়ে উল্টো গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ অভিযুক্ত যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর সামনে থামেন। সেখানে তরুণীকে ধরেই তাকে মারতে থাকেন। আচমকা এ ঘটনায় আশপাশের পথচারীরা হতভম্ব হয়ে পড়লেও দ্রুত কয়েকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে স্থানীয় লোকজন যুবককে থামিয়ে দেন এবং তাকে মারধর করেন। পরে ঘটনাস্থলে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলার শিকার তরুণী ও অভিযুক্ত যুবক স্বামী-স্ত্রী। তবে কী কারণে তাদের মধ্যে এ বিরোধের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

‘মিহির ঝা’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন এবং এ নিয়ে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই উপস্থিত জনতার দ্রুত হস্তক্ষেপের প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “ওই নারীকে মারধরের সময় ভিডিও ধারণ না করে সাহায্যে এগিয়ে আসাটা প্রশংসনীয়।” আরেকজন লেখেন, “যুবককে দেখে মনে হচ্ছিল তিনি তরুণীকে গুরুতর আঘাত করতে পারতেন। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”

ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights