সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী এলাকায় মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেছেন অপু দাশ (২৯) নামে এক যুবক। তিনি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের মৃত বাদল দাশের ছেলে।
রাউজানের চৌমুহনী এলাকায় হাসপাতালে বিপণন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। শুক্রবার রাতে রাউজানের পাহাড়তলী সড়কের ওপর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মৃত্যু হয়।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ চমেক হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সন্ধ্যায় রাউজানের বাগোয়ান ইউনিয়নে পরিবারের সদস্যদের সঙ্গে পাত্রী দেখতে গিয়েছিলেন অপু। রাত আটটার দিকে মোটরসাইকেল নিয়ে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এরপর দুর্ঘটনার খবর পান পরিবারের সদস্যরা। অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অপু দাশ আহত হন। মাথায় আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
