সড়ক দুর্ঘটনা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে ধীরগতি

মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মহাসড়কের গজারিয়ার অংশে কুমিল্লা মুখী সড়কে ১৩ কিলোমিটার জুড়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সড়কে যাতায়াতরত যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী সড়কে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সড়ক থেকে সরাতে কিছুটা সময় লাগায় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ড্রাম ট্রাক ও মালবাহী ট্রাক সরিয়ে নিলে সড়ক স্বাভাবিক হচ্ছিল। তবে যানবাহন চাপ ও সড়কের উল্টো পথে যানবাহন চলায় সড়কে গতি কমে যায়।

বর্তমানে মহাসড়কের কুমিল্লা মুখী সড়কে জামালদী বাস স্ট্যান্ড থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি রয়েছে। মাঝেমধ্যে গাড়ি সামনের দিকে এগিয়ে গেলেও আবার থেমে যাচ্ছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহনের চালক ও যাত্রীদের।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির জানান, শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় যানবাহনের চাপ থাকে এর মধ্যে এ সড়কে সকালে একটি দুর্ঘটনা ঘটেছে। ফলে সড়কে যানবাহনের ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights