সতীর্থদের ইফতারের সুযোগ করে দিতে ‘ইনজুরির অভিনয়’

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন ফুটবল লিগে খেলার সময় সূর্যাস্তের পর রোজাদার খেলোয়াড়দের ইফতারের সুযোগ দিতে সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থা থাকলেও লিগ ওয়ান-এ এমন কোনো আনুষ্ঠানিক নিয়ম নেই। তবু সতীর্থদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন অ্যান্থনি লোপেজ।

গত রবিবার এফসি নঁতে ও লে হাভরে এসির ম্যাচে ৭৪তম মিনিটে সূর্যাস্তের সময় হয়ে গেলে লোপেজ হঠাৎ বাম হ্যামস্ট্রিং চেপে ধরে মাঠে বসে পড়েন। তার অস্বস্তির ইঙ্গিতে চিকিৎসক দল মাঠে প্রবেশ করলে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে।

এই বিরতিতে নঁতের একাধিক মুসলিম ফুটবলার টাচলাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে ইফতার সেরে নেন। পরে লোপেজ আবার উঠে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে খেলায় অংশ নেন।

ফরাসি লিগে নিয়ম নেই, প্রিমিয়ার লিগে আছে

বিদেশি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফরাসি ফুটবলের নীতিমালা ধর্মীয় কারণে খেলা থামানোর অনুমতি দেয় না। ফলে আনুষ্ঠানিক বিরতির সুযোগ না থাকায় এমন কৌশলের আশ্রয় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ২০২১ সাল থেকে সূর্যাস্তের সময় রোজাদার খেলোয়াড়দের ইফতারের জন্য স্বল্প বিরতির অনুমতি দিয়ে আসছে। গোলকিক বা থ্রো-ইনের মতো স্বাভাবিক বিরতির সময় খেলোয়াড়রা টাচলাইনে গিয়ে খাবার বা পানীয় গ্রহণ করতে পারেন।

ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় নঁতে। তবে ২৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে ১৭তম স্থানে, রেলিগেশন জোনেই। বিপরীতে ২৬ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে লে হাভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights